কেরানীগঞ্জে ২১ মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ঢাকার কেরানীগঞ্জে ২১টি ‘অবৈধ’ ওয়াশিং ও ডাইং মিলে অভিযান চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তারের নেতৃত্বে আগানগর ও শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও উপ-সচিব রুবিনা ফেরদৌস এবং পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাহিদা বেগম, সহকারী পরিচালক মোবাশ্বের হোসেন রাজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার জানান, পরিবেশ অধিদপ্তরের কাগজ ছাড়া অবৈধ ভাবে ওয়াশিং কার্যক্রম পরিচালনা করায় মিলগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলো। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ অধিদপ্তরের উপ-সচিব রুবিনা ফেরদৌস জানান, আবাসিক এলাকায় ওয়াশিং ও ডাইং কারখানা কোনো ভাবেই রাখা যাবে না। কেরানীগঞ্জে আবাসিক এলাকায় প্রায় শতাধিক অবৈধ ওয়াশিং কারখানা রয়েছে। গতকালের অভিযানে যেসব কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, সেগুলো আবাসিক এলাকা থেকে স্থানান্তর না হওয়া পর্যন্ত তাদের সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন থাকবে।