৯ বছর গুম হওয়া ছেলের ফেরার অপেক্ষায় মা

মা বদরুন্নেছা আজও ছেলের ফেরার অপেক্ষায়। ৯ বছর আগে গুম হওয়া সোনাগাজী উপজেলা যুবলীগ নেতা সারোয়ার জাহান বাবুলের সন্ধান না পেয়ে তার মা ও ভাই সংবাদ সম্মেলন করে তাকে ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। ২০১১ সালের ২৬ অক্টোবর গুম হন সারোয়ার জাহান বাবুুল।

গতকাল মঙ্গলবার সকালে চরচান্দিয়া গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে বাবুলের মা বদরুন্নেছা বলেন, ৯ বছর অতিবাহিত হলেও ছেলের সন্ধান পাইনি। জীবিত হোক, মৃত হোক আমি আমার ছেলেকে ফেরত চাই।

বাবুলের ভাই চরচান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম মানিক অভিযোগ করেন পৌর কাউন্সিলর নূরনবী লিটনের দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে ২০১১ সালের ২৬ অক্টোবর তিনি ও বাবুল ঢাকা যান। রাতে অবস্থানের জন্য ফকিরেরপুল এলাকার একটি হোটেলে কক্ষ ভাড়া নেন। ওইদিন সন্ধ্যার পর হোটেল থেকে নেমে নাস্তা করার জন্য দোকানে যাওয়ার পথে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রধারী ৫-৭ দুর্বৃত্ত সাদা একটি মাইক্রোবাসে বাবুলকে তুলে নিয়ে যায়।