ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদালপুর স্টেশনে দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ১০ ঘণ্টা পর আবার স্বাভাবিক অবস্থা ফিরেছে।
উদ্ধারকাজ ও লাইন মেরামত শেষে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল শুরু হয় বলে দেশ রূপান্তরকে জানান কোটচাঁদপুর স্টেশন মাস্টার গোলাম মোস্তফা।
এর আগে গত সোমবার রাত ২টায় সাফদালপুর স্টেশনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হলে পার্বতীপুর থেকে আসা তেলবাহী ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়।
গোলাম মোস্তফা আরও জানান, পার্বতীপুর থেকে তেলবাহী ও যশোরের নওয়াপাড়া থেকে মালবাহী ট্রেন দুটি সিগন্যাল অমান্য করে একই লাইনে ঢুকে পড়ে। সংঘর্ষের পর বিপুল পরিমাণ ডিজেল এলাকায় ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাতে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। দুই চালকের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে কোটচাঁদপুর দমকল বাহিনীর সদস্যরা রাতেই সেখানে উদ্ধারকাজে অংশ নেন।