চাঁদপুরে কারাবন্দি কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে আজ বুধবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে কারা কর্তৃপক্ষ।
চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে রেফার করেন।
চাঁদপুর জেনারেল হাসাপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আসিবুল আহসান চৌধুরী বলেন, কারাবন্দি শিশির ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মস্তিষ্কজনিত রোগে ভুগছেন।
তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। তার রোগের চিকিৎসা আমাদের এখানে করা সম্ভব নয়।
তাই উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
কচুয়া উপজেল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী শিক্ষা প্রকৌশলী নূর আলমকে গত ১৯ জুলাই মারধর করেন শাহজাহান শিশির। এ ঘটনায় নূর আলম বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করেন।
গত ২৫ আগস্ট শাহজাহান শিশির চাঁদপুর আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে আসলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
গত ২৩ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে তাকে সাময়িকভাবে বহিষ্কার করেন।