সাভারে শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ

সাভারে কারখানায় কাজে যোগদানসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার সাড়ে তিন শত শ্রমিক। দিনব্যাপী কারখানার সামনে অবস্থান করলেও কর্তৃপক্ষ তাদের কারখানায় প্রবেশ করতে দেয়নি।

বুধবার সকাল থেকে সাভারের কলমা এলাকার উইন্টার ড্রেস লিমিটেড কারখানার শ্রমিকেরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করে।

একপর্যায়ে ভুক্তভোগী শ্রমিকেরা  সন্ধ্যায় কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা চালালেও পথে সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডের আগেই পুলিশ সদস্যরা তাদের আটকে দেয়। পরে সেখানে কিছুক্ষণ অবস্থান করে শ্রমিকেরা ফিরে যায়।

কারখানাটির নিটিং অপারেটর মনিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে কারখানাটিতে আমরা ম্যানুয়াল পদ্ধতিতে সোয়েটারের কাজ করে আসছি। সম্প্রতি কারখানাটিতে জ্যাকার্ড মেশিন আমদানি করে আমাদের অন্যায়ভাবে চাকুরীচ্যুত করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

শ্রমিক অসন্তোষের বিষয়ে জানতে কারখানাটির মূল ফটকে অবস্থিত সিকিউরিটি কক্ষে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের ইনচার্জ বাদল সংবাদ কর্মীদের লাঞ্ছিত করেন।

বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কামরুন্নাহার বলেন, দুই বছর ধরে কারখানায় কাজ কম থাকায় নিটিং শাখা বন্ধ করে দেওয়ার পাঁয়তারা করছে কর্তৃপক্ষ। কোন ক্ষতিপূরণ ছাড়াই অযৌক্তিকভাবে শ্রমিকদের  ছাঁটাইয়ে হয়রানি করছে। এ ঘটনায় দিনব্যাপী শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার আমরা ভুক্তভোগী শ্রমিকদের নিয়ে বিজিএমইএ যাব।

এ বিষয়ে জানতে ঘটনাস্থলে উপস্থিত শিল্প পুলিশের এএসপি আউয়াল হোসেনের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।