আনোয়ারায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার কালাবিবি দীঘির মোড় এলাকায় পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হানিফ (৬৫) বাঁশখালী উপজেলার পুকুরিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভোর ৬টার দিকে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কে সরকারহাটগামী গরুবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান অটোরিকশাচালক মোহাম্মদ হানিফ।

এ ঘটনায় আহত হন সানোয়ার (৩২), মো. শফিক (৪৮), স্মরণী বড়ুয়া (৪) নামের আরও তিনজন।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার মধ্যে সানোয়ারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আনোয়ারা থানার ওসি (তদন্ত) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।