সিভিল সার্জনের স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাৎ, দুদকের মামলা

খাগড়াছড়ির সাবেক সিভিল সার্জনের স্বাক্ষর জাল করে গাড়ি মেরামত প্রকল্পের প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

বৃহস্পতিবার সকাল ১১টায় খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের বিশেষ আদালত দুদকের সহকারী পরিচালক আবুল বাশার মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন- সিভিল সার্জন কার্যালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. জাহেদ হাসান, একই কার্যালয়ের সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা প্রিয় রঞ্জন বড়ুয়া ও ঠিকাদার জসিম উদ্দিন।

জানা যায়, ২০১৭ সালর জুন মাসে খাগড়াছড়ির সাবেক সিভিল সার্জন কার্যালয়ের তিনটি গাড়ি মেরামত কাজের ভুয়া প্রকল্প দেখিয়ে আসামিরা পারস্পরিক যোগসাজশে সাবেক সিভিল সার্জন ডা. আব্দুস সালামের স্বাক্ষর জাল করে সরকারি অর্থ আত্মসাৎ করেন।

এই সংক্রান্ত একটি অভিযোগ দুদকে দেওয়া হয়। সেই সূত্র ধরে প্রাথমিক সত্যতা পেয়ে দুদক মামলা দায়ের করে।

জেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার জানান, ১৯৪৭ সনের দুনীতি প্রতিরোধ আইনে মামলাটি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন।