নোয়াখালীতে অস্ত্রসহ ৪ মামলার আসামি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার সাদ্দামের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার ভোরে ছয়ানী ইউনিয়নের জাহানাবাদ কালা কাজীর বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাদ্দাম হোসেন ওই এলাকার বাবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জাহানাবাদ গ্রামের কালা কাজী বাড়ির পার্শ্ববর্তী দিঘির দক্ষিণ পাশের একটি কবরস্থানে অভিযান চালিয়ে সন্ত্রাসী জাবেদ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ও সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই কবরস্থানে লুকানো অবস্থায় একটি দেশীয় পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে সন্ত্রাসী সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে। সাদ্দামের বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ, অবৈধ অস্ত্র, বিস্ফোরকসহ ৪টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।