নিখোঁজের দুদিন পর মেহেরাজ ইসলাম আরিয়ান নামে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর হালিশহরের শাপলা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে রাজধানী ঢাকা থেকে মায়ের সঙ্গে নানাবাড়ি হালিশহরের শাপলা আবাসিক এলাকায় বেড়াতে আসে আরিয়ান। সে রাজধানী ঢাকার নাখালপাড়া নিবাসী সাইফুল ইসলাম জুয়েলের ছেলে।
এ প্রসঙ্গে হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সিনহা দেশ রূপান্তরকে বলেন, স্থানীয়দের খবরে দুপুরে নির্মাণাধীন একটি ভবনে জমে থাকা পানিতে ভাসমান অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আরিয়ান নানাবাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। পরে সম্ভাব্য অনেক স্থানে তাকে খোঁজাখুঁজির পরও না পাওয়ায় পাহাড়তলী থানায় একটি জিডি করা হয়। জিডিতে আরিয়ানের জামা কাপড়ের রং লেখা থাকায় আমরা লাশের পরিচয় শনাক্ত করেছি। ময়নাতদন্তর জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, তা এখনো বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।