নিজ দলের নেতাকর্মীদের হামলায় ফেনীর সোনাগাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মাহমুদ আহত হয়েছে। তাকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাগাজী পৌর শহরের কাশ্মিরবাজার সড়কে এ হামলার ঘটনা ঘট।
হাসানের ভাই ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় আপ্যায়ন সম্পাদক খালেদ মাহমুদ মাসুদ ঘটনার জন্য উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খুরশিদ আলমকে দায়ী করেছেন।
দলীয় সূত্র জানায়, যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে খুরশিদ আলম ও হাসান মাহমুদের সঙ্গে বিরোধ চলে আসছে। তারা দুজনই যুবদলের আহ্বায়ক পদপ্রত্যাশী।
বৃহস্পতিবার সন্ধ্যায় ওই সড়কের একটি দোকানে বসে চা খাওয়া অবস্থায় খুরশিদের অনুসারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী মাঈনুল হোসেনের নেতৃত্বে পৌর ছাত্রদল নেতা নুর নবী হৃদয়, স্বেচ্ছাসেবক দল নেতা শাওনসহ ২৫-৩০ জন অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে আহত করে।
পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার অবস্থা আশঙ্কাজনক দেখে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে হাসানের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক পৌর শহরে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল নেতাকর্মীরা।
খালেদ মাহমুদ মাসুদ জানান, তিনি এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি বিএনপির হাইকমান্ডকে অবহিত করা হয়েছে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসানের ওপর হামলার ঘটনা শুনেছি। অভিযোগ পেলে ছাত্রদলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী তদন্ত কমিটি গঠন করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, যুবদলের একটি পক্ষ ছাত্রদলের আহ্বায়ক হাসান মাহমুদকে মারধর করার কথা শুনেছি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।