কুমিল্লার হোমনা উপজেলায় কেবল টিভি অফিসে হামলার অভিযোগ পাওয়া গিয়েছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ ও তার লোকজনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার উপজেলার দুলালপুর বাজারের “হোমনা কেবল টিভি” কার্যালয়ে এ হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় মামলা না করার হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
হামলায় আহত আব্দুল হক নামে এক অপারেটর হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হোমনা কেবল টিভির পরিচালক জালাল উদ্দিন জানান, ছাত্রলীগ নেতা পলাশের নিকট দুই বছরের ডিস বিল বকেয়া রয়েছে। বারবার তাগাদা দেয়ার পরও বিল না দেয়ায় অপারেটর আব্দুল হক লাইনটি কেটে দেয়। কেন লাইন কেটে দিয়েছে এ জন্য পলাশ লোকজন নিয়ে বৃহস্পতিবার আমার অফিসে এসে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং আমার অপারেটরকে মারধর করে। এ ঘটনায় মামলা না করে স্থানীয় ভাবে মিলমিশ হওয়ার জন্য নেতৃত্বস্থানীয় লোকজনের চাপ দিচ্ছে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশের মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেয়া যায়নি।
জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউসার অনিক দেশ রূপান্তরকে জানান, ফেসবুকের মাধ্যমে ঘটনাটি আমার নজরে এসেছে। বিষয়টি খুবই দুঃখজনক, কারণ বাংলাদেশ ছাত্রলীগ কোন অন্যায়ের কাছে মাথানত করেনি এবং কোন অন্যায়কে প্রশ্রয়ও দেয় না। আমি বিষয়টি কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদককে অবগত করেছি। এখন তাদের সিদ্ধান্তের অপেক্ষায়।
এদিকে শুক্রবার বিকেল পর্যন্ত ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে জানান হোমনা থানার ওসি আবুল কায়েস আখন্দ। তিনি দেশ রূপান্তরের প্রতিনিধিকে ফোনে বলেন, কেউ আমাদেরকে এ বিষয়ে বলেনি, এইমাত্র আপনার কাছ থেকে শুনেছি ।