মোটরসাইকেল কিনে না দেওয়ায় গলায় ফাঁস

রাজধানীর কদমতলী মোহাম্মদবাগ এলাকার একটি বাসায় হাসিবুল হোসেন মুন্না (১৮) নামে এক তরুণ মোটরসাইকেল কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা ৭টায় মৃত ঘোষণা করেন।

মুন্নার বাবা আনোয়ার হোসেন জানান, মুন্না করোনা ভাইরাস প্রাদুর্ভাবের আগে একটি কোম্পানিতে চাকরি করলেও বর্তমানে কিছুই করত না। ২ ভাই ১ বোনের মধ্যে সবার ছোট মুন্নাকে ইতালি পাঠানোর চিন্তা-ভাবনা চলছিল। কয়েক দিন ধরে সে মোটরসাইকেলে কিনে দেওয়ার বায়না ধরে। তার বাবা কিছুদিন পরে মোটরসাইকেল কিনে দেবে বলেও রাজি হয়। তবে সে কয়েক দিনের মধ্যেই কিনে দিতে দাবি করে। এ নিয়েই গতরাতে সে মন খারাপ করে। এরপর সারা দিন বাসাতেই ছিল।

আজ সন্ধ্যায় টিনশেড নিজ বাসায় তার রুমের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় সে। অনেক সময় পরেও দরজা না খোলায় পরিবারের সন্দেহ হয়।

পরে দরজা ভেঙে রুমের ভেতরে ঢুকে ফ্যানের হুকের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায় তাকে। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।