শীতলক্ষ্যায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেড জাহাজের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হোসিয়ারি ব্যবসায়ী আবু হানিফ হাওলাদারের (৩৫) লাশ উদ্ধার করেছে নৌ-ফাঁড়ি পুলিশ।

শনিবার বেলা ১১টায় বন্দরের রুপালি এলাকার শীতলক্ষ্যা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার দেওজরী গ্রামের জব্বার হাওলাদারের ছেলে হানিফ স্ত্রী ও ২ ছেলে, ১ মেয়েসহ বন্দর উইলসন রোড এলাকায় থাকতেন। গত ২৯ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে শীতলক্ষ্যা নদী পারাপারের সময় একটি যাত্রীবাহী নৌকাকে ধাক্কা দেয় একটি বালুবাহী বাল্কহেড।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ হন হানিফ। এ ছাড়া ওই দুর্ঘটনায় আহত বন্দরের দড়িসোনাকান্দা এলাকার মৃত চান মিয়ার ছেলে খলিলুর রহমান (৫৫) চিকিৎসাধীন অবস্থায় চাষাঢ়াস্থ ইসলামী হার্ট ফাউন্ডেশন হাসপাতালে শুক্রবার রাত ২টার দিকে মারা যান।