ওয়েব সিরিজে সোনাক্ষী সিনহা
করোনার কারণে মার্চ মাসে লকডাউন শুরু হয় ভারতে। তার আগেই বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা সম্মতি দিয়েছিলেন রিমা কাগতির আসন্ন ওয়েব সিরিজটিতে কাজ করবেন বলে। ‘ফ্যালেন’ নামের সেই সিরিজ অবশেষে শুরু হচ্ছে। জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরেই রাজস্থানে শুরু হবে এর শ্যুটিং। এতে প্রধান চরিত্রে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছেন সোনাক্ষী। এখানে অন্যদের মধ্যে রয়েছেন গলি বয় খ্যাত বিজয় ভার্মা, গুলশান দেওয়াইয়া, সোহুম শাহসহ অনেকে। জানা গেল, এক সপ্তাহের জন্য নির্মাতা রিমা কাগতি ৩৫ জন ক্রু নিয়ে রাজস্থান যাবেন। এই সময়সূচিতে, তিনি লকডাউনের সময়কালের কিছু অসমাপ্ত কাজ সমাপ্ত করার পরিকল্পনা করছেন। পরিস্থিতি কিছুটা আরও ভালো হলেই ‘ফ্যালেন’-এর শ্যুটিংয়ে ‘দাবাং’ গার্ল সোনাক্ষী সিনহা যোগ দেবেন। সিরিজটিতে অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে অজয় দেবগন ও সঞ্জয় দত্তেরও। উল্লেখ্য, সবকিছু সময়মতো শেষ হলে ‘ফ্যালেন’ সিরিজটি সামনের বছর মাঝামাঝি সময়ে অবমুক্ত হবে বলে জানা গেছে।
জেরবার মুকেশ খান্না
ঢালিউডের চিত্রনায়ক অনন্ত জলিল কিছুদিন আগে দেশে ধর্ষণ বেড়ে যাওয়ার পেছনে মেয়েদের পোশাককে দায়ী করে চরম সমালোচিত হন। একই দশা এখন ভারতের প্রথম সুপারহিরো চরিত্র ‘শক্তি মান’ চরিত্রে অভিনয় করা অভিনেতা মুকেশ খান্না। কর্মক্ষেত্রে নারীদের যৌন হেনস্তা প্রসঙ্গে এই অভিনেতা এক ভিডিও বার্তায় বলেন, ‘নারী ও পুরুষকে সৃষ্টিই করা হয়েছে ব্যতিক্রম করে। নারীর দায়িত্ব হচ্ছে ঘরের দেখভাল করা, সন্তান মানুষ করা। বলতে খারাপ লাগছে, তবু বলতে হচ্ছে-#মিটু সমস্যার সূত্রপাত হয়েছে নারীরা কর্মক্ষেত্রে যাওয়ার পর। আজকাল নারীরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান। লোকে নারী স্বাধীনতার কথা বলে, কিন্তু এখানেই সমস্যার শুরু। এতে ভুগতে হচ্ছে কর্মক্ষেত্রে যাওয়া নারীর সন্তানদের। তারা মায়ের মমতা থেকে বঞ্চিত হচ্ছে, বেড়ে উঠছে কাজের লোকের কাছে। এসব ঘটে নারী যখন নিজেকে পুরুষের সমকক্ষ মনে করে। কিন্তু পুরুষ পুরুষই, আর নারী তো নারীই।’ নিজের ভিডিও ভাইরাল ও নিন্দিত হওয়ার পর আবারও একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে তিনি বলেছেন, ‘আমার বক্তব্য যেভাবে উড়িয়ে দেওয়া হয়েছে, এটা দেখে আমি ভীষণ অবাক হয়েছি। আমি তো নারীদের সুরক্ষার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। আমি কেবল মিটু শুরু হওয়ার কারণটিই বলেছিলাম। আমি কেবল নারী ও পুরুষের দায়িত্ব নিয়েই কথা বলছিলাম। তারপরও যদি কারও মনে আঘাত করে থাকি, ক্ষমা করে দেবেন।’
নির্বাচনী প্রচারণায় গাগা, ক্ষিপ্ত ট্রাম্প
আজ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। গত কয়েক দিন শেষ মুহূর্তের প্রচারণা চলেছে সহাসমারোহে। এরই মধ্যে জো বাইডেনের প্রতি সমর্থনের কথা ব্যক্ত করেছেন বিশে^র অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী লেডি গাগা। তার পক্ষে টুইটারেও প্রচার চালিয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে তিনি বাইডেনের প্রতিদ্বন্দ্বী। গতকাল ট্রাম্প টুইটারে লিখেছেন, মাত্র শুনলাম জো বাইডেন পেনসিলভানিয়ায় লেডি গাগার সঙ্গে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। গাগা ‘আর্টিস্ট অ্যাগেইনস্ট ফ্র্যাকিং’য়ের গর্বিত সদস্য। এতে আরও বেশি প্রমাণ পাওয়া গেল যে বাইডেন ফ্র্যাকিং (খনিজ উত্তোলন) বন্ধ করে দেবেন এবং আপনাদের জ¦ালানির মূল্য আকাশছোঁয়া করে দেবেন।’ ট্রাম্প আরও লিখেছেন, ‘আমি বিতর্কের সময় বলেছি, টেক্সাস, পেনসিলভানিয়া, ওহাইও, নিউ মেক্সিকোর বাসিন্দাদের কি তা মনে আছে? আমি সব সময় আমেরিকান জ¦ালানি ও আমেরিকান কর্মসংস্থান রক্ষা করব। ঘর থেকে বেরিয়ে ভোট দিন। আমেরিকাকে আবারও মহান করুন।’