পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মহিউদ্দিন লাভলুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকেও তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন তাকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহম্মেদ চৌধুরীর ১ নভেম্বরের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তিনি বিষয়টি অবহিত হয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, কেশবপুর ইউনিয়নে চলতি বছরের ২ আগস্ট জোড়া খুনের ঘটনায় তিনি ১ নম্বর আসামি এবং বর্তমানে তিনি কারাগারে আছেন। তাই স্থানীয় সরকার আইন ২০০৯-এর ধারা ৩৪ (১) অনুযায়ী ইউপি চেয়ারম্যান মহিউদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।