চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের কদমতলা গ্রামের ৭ মাসের অন্তঃসত্ত্বা জাকিয়া বেগম কুলসুম (৩৬) চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পথে পদ্মা নদীর ঘাটে নৌকার জন্য অপেক্ষা করা অবস্থায় মারা গেছেন। গত রবিবার বিকেল ৪টার দিকে দুর্গম চরাঞ্চলের পদ্মা নদীর কদমতলা ঘাটে মারা যান কুলসুম।
পাকা ইউনিয়নের স্বাস্থ্য সহকারী আবুল কালাম আজাদ জানান, কদমতলা গ্রামের নির্মাণশ্রমিক সেরাজুল ইসলামের অন্তঃসত্ত্বা স্ত্রী কুলসুম বেশ কয়েক দিন থেকে অসুস্থ ছিলেন। গত শনিবার থেকে অসুস্থতা বেড়ে যায়। রবিবার দুপুরে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে বলা হয়। কুলসুমের পরিবার চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হয়ে কদমতলা ঘাটে নৌকার জন্য অপেক্ষা করছিল। এরই মধ্যে তার মৃত্যু হয়।
পাকা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য হোসেন আলী বলেন, কুলসুমের স্বামী ঢাকায় রাজমিস্ত্রির কাজ করছেন। পদ্মাপাড়ের অসুস্থ মানুষের জরুরি চিকিৎসা সেবায় সম্প্রতি চালু হয়েছে নৌ-অ্যাম্বুলেন্স। কিন্তু অসচেতনতার কারণসহ যোগাযোগের অভাবে হতদরিদ্র পরিবারটি নৌ-অ্যাম্বুলেন্স সুবিধা নিতে পারেননি।
ইউপি সচিব আকবর হোসেন বলেন, ‘নদীর ঘাটে অন্তঃসত্ত্বার মৃত্যুর খবর জানি না। আর নৌ-অ্যাম্বুলেন্স নেওয়ার জন্য কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি।’
এদিকে, দুই শিশু ছেলের মা কুলসুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নৌ-অ্যাম্বুলেন্সের জন্য নির্দিষ্ট হটলাইন সার্ভিস চালুর দাবি জানিয়েছেন।