ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

ঝালকাঠিতে জেলা বিএনপির আহ্বায়ক  কমিটি ঘোষণা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ার আট মাস পর কমিটি ভেঙে দুই সদস্য বিশিষ্ট নতুন এ আহ্বায়ক  কমিটি ঘোষণা করা হয়।

মঙ্গলবার দুপুরে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বায়ক  কমিটিতে স্বাক্ষর করেন।

কমিটিতে ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সৈয়দ হোসেনকে আহ্বায়ক এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। এ কমিটি আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের আয়োজন করে নতুন কমিটি ঘোষণা করবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা বিএনপির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম নূপুর।

জেলা বিএনপির নতুন আহ্বায়ক  কমিটি ঘোষণা দেওয়ায় দলীয় নেতা-কমীরা সন্তোষ প্রকাশ করে আহ্বায়ক কমিটির সদস্যদের স্বাগত জানিয়েছেন।

আগামী জেলা বিএনপির সম্মেলনে নতুন এই দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করার কথাও ব্যক্ত করেন বিদায়ী সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর।

২০১৭ সালে ফেব্রুয়ারি মাসে ঝালকাঠি জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সেই কমিটির মেয়াদ শেষ হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। করোনা মহামারির জন্য এত দিন আহ্বায়ক  কমিটির ঘোষণা দেয়নি কেন্দ্রীয় বিএনপি।