এক সপ্তাহ পেছাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

বিসিবি প্রেসিডেন্টস কাপের সফল আয়োজনের পর করপোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ নভেম্বর আসর শুরুর সম্ভাব্য দিন জানানো হয়েছিল। তবে এক সপ্তাহ পেছাচ্ছে ৫ দলের এই আসর।

বিসিবির নতুন এই টুর্নামেন্টের নাম হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। উদ্বোধনসহ টুর্নামেন্টের আয়োজন কিছুটা জমকালো করার জন্যই এমন সিদ্ধান্ত বলে বাসস তাদের প্রতিবেদনে জানিয়েছে।

জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট পুরোদমে আয়োজনের দ্বিতীয় পদক্ষেপ হিসেবে এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি।

প্রেসিডেন্ট কাপ সফলভাবে সম্পন্ন করার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ১৫ নভেম্বর শুরু হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। কিন্তু পরে আন্তর্জাতিক ব্রডকাস্টার এবং ৫ দলের পৃষ্ঠপোষক সংগ্রহের জন্য আরো কিছুটা সময়ের প্রয়োজন দেখা দেয়।

এ ছাড়া টুর্নামেন্টে প্রচুর মানুষের সম্পৃক্ততায় সেরা জৈব সুরক্ষা বলয় গড়ে তোলার জন্যও বাড়তি সময়ের প্রয়োজন। যে কারণে টুর্নামেন্টের তারিখ পিছিয়ে দিয়েছে আয়োজকরা। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীকে উদ্ধৃত করে জানিয়েছে বাসস।

বিদেশি ক্রিকেটারদেরও এই আসরে সম্পৃক্ত করা যায় কিনা এমন ভাবনা ছিল বিসিবির। তবে ভালো মানের বিদেশি না পাওয়ায় আগেই সেই ভাবনা থেকে সরে আসে সংস্থাটি।

সব ঠিক থাকলে নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আল হাসান এই আসর দিয়েই মাঠে ফিরবেন। বৃহস্পতিবার তার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা।