অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বন্দুকধারীর হামলার ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। হামলার ঘটনায় ইতিমধ্যে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার ভিয়েনার ছয়টি ভিন্ন ভিন্ন জায়গায় বন্দুকধারীর হামলা হয়। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে অস্ট্রিয়ায় নতুন করে বিধিনিষেধ শুরুর কয়েক ঘণ্টা আগে হামলার এই ঘটনা ঘটে। ওই সময় বহু মানুষ ভিয়েনার বার ও রেস্তোরাঁগুলোতে ভিড় করেছিলেন, কারণ পুরো নভেম্বর মাস সেগুলো আর খুলবে না।
গতকাল মঙ্গলবার সকালে পুলিশ জানিয়েছিল হামলায় চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। পরে জাতীয় সংবাদমাধ্যম ওআরএফের প্রতিবেদনে বলা হয়, ওই হামলার ঘটনায় আহত আরেক নারীর মৃত্যু হয়েছে।
অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহাম্মের জানিয়েছেন, সোমবার রাতে পুলিশের অভিযানে এক বন্দুকধারী নিহত হয়েছে।