ঢাকার সাভার পৌর এলাকায় নিজ বাড়ির পাশ থেকে পুলিশের কনস্টেবলের, বুড়িগঙ্গা নদীর পাশে কেরানীগঞ্জে তরুণের বস্তাবন্দি গলাকাটা এবং দিনাজপুরের পার্বতীপুরে সড়কের পাশ থেকে পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
সাভার : বরকত উল্লাহ (৩৩) নামে পুলিশের এক কনস্টেবলের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে সাভার পৌর এলাকার উত্তর জামসিং মহল্লার নিজ বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। কনস্টেবল বরকত খাগড়াছড়ি পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
কেরানীগঞ্জ (ঢাকা) : বুড়িগঙ্গা নদীর পাশে কেরানীগঞ্জে বস্তাবন্দি এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ-পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জের মীরেরবাগ খেয়াঘাট এলাকা থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ-পুলিশের এসআই জাকির জানান, পোশাকবিহীন লাশটি ৮-১০ দিন আগে বস্তাবন্দি করে ফেলা হয়েছে বলে মনে হয়।
পার্বতীপুর (দিনাজপুর) : পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের পাশ থেকে মোজাম্মেল হোসেন (৫০) নামে এক ট্রাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী গতকাল মঙ্গলবার ভোরে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের শেরপুর তেলিপাড়ার নিসা ফিলিং স্টেশনের পশ্চিমে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।