সাতক্ষীরায় ভাটা শ্রমিককে হত্যা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় লেবুগাছ থেকে আবিদ হোসেন বাবু (২৬) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের নূরুল মোড়লের বাড়ি সংলগ্ন পুকুরপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। আবিদ ওই গ্রামের আবদুর রহিম মোল্লার ছেলে এবং স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।

কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন জানান, লেবুগাছে গলায় ওড়না পেঁচানো আবিদের দেহ পাওয়া যায়। তার ডান হাঁটু, পায়ের নখসহ শরীরের কয়েকটি স্থানে জখম রয়েছে। এ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্যাতনে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। আবিদের দুই আত্মীয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধের তথ্য পেয়েছি। এটা হত্যাকাণ্ড কি না তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

নিহতের মা হোসনে আরা খাতুন জানান, আবিদের শ্যালক আরিফুল ইসলামের সঙ্গে তার সৎভাই নূরুল মোড়লের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত সোমবার ওই জমি পরিমাপের সময় উত্তেজনা দেখা দিলে আপন শ্যালকের পক্ষ নেয় আবিদ। সন্ধ্যার পর নূরুল তার মোটরসাইকেলে আবিদকে নিয়ে বিষ্ণুপুর বাজারে যায়। এরপর গভীর রাতে আবিদ নিজের বাড়ি ফেরে। পরের দিন সকালে প্রতিবেশীরা লেবুগাছে লাশ দেখে স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমানকে জানান। পরে তিনি থানায় খবর দেন।