যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহে ৬১ হাজারের বেশি শিশুর করোনা শনাক্ত হয়েছে। মহামারী শুরুর পর থেকে সপ্তাহের হিসাবে এ সংখ্যাকে রেকর্ড বলছে দি আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকস অ্যান্ড দি চিলড্রেনস হসপিটাল অ্যাসোসিয়েশন।
যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজ বলছে, এ পর্যন্ত বিশ্বে ৮ লাখ ৫৩ হাজার ৬৩৫ শিশু করোনা রোগের চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে যুক্তরাষ্ট্রেই এ সংখ্যা ১১ দশমিক ১ শতাংশ। শুরুতে মাত্র ২ শতাংশ থাকলেও মধ্য এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে শিশুদের মধ্যে সংক্রমণ বাড়ছে।
এক বিবৃতিতে দি আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকসের চিকিৎসক স্যালি গোজা বলেন, ‘কিশোর-কিশোরীসহ সবার ওপর করোনা মহামারী মারাত্মক প্রভাব ফেলেছে তা শিশুদের রেকর্ড সংক্রমণে স্পষ্ট।’ তিনি আরও বলেন, ‘আক্রান্ত শিশুর প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হবে। কারণ মৃদু উপসর্গ থাকায় অনেক মা-বাবা তাদের সন্তানদের কভিড-১৯-এর পরীক্ষা করাননি।’
তবে শনাক্ত শিশুদের মধ্যে ৩ দশমিক ৫ শতাংশকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আর গত বৃহস্পতিবার পর্যন্ত ১২১ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। এরপর বিগত ১০ মাসে বিশ্বে করোনায় মৃত্যু ১২ লাখ ছাড়িয়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্যে, বিশ্বে করোনায় মোট মারা গেছে ১২ লাখ ১৪ হাজার ১০ জন। বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৭৫ লাখ ১২ হাজার ৮৮২। বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৩ কোটি ৪১ লাখ ৫৯ হাজার ৫৫৪।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৫ লাখ ৭১ হাজার ৭৭৮, মারা গেছে ২ লাখ ৩৭ হাজার ৩৮ জন। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৩ লাখ ৪ হাজার ২৩৭। মারা গেছে ১ লাখ ২৩ হাজার ৪২২ জন। ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৫৫ লাখ ৫৪ হাজার ২০৬ আর মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ২৭২ জন।