আজিমপুরে নির্মাণাধীন ভবনের লিফট ছিঁড়ে আহত ৩

রাজধানীর আজিমপুরে নির্মাণাধীন ভবনের লিফট ছিঁড়ে নিচে পড়ে তিনজন আহত হয়েছেন। বুধবার সকাল সোয়া দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তারা হলেন- ওই ভবনের প্রকৌশলী মেহেদী হাসান (২৮), সুপারভাইজার আজহারুল ইসলাম (১৮) ও দিনমজুর রফিকুল ইসলাম (৩৫)।

ভবনটির আরেক প্রকৌশলী সাইদুল ইসলাম জানান, তারা তিনজনই আজিমপুর বাসস্ট্যান্ডের পাশে খান এন্ড সং কোম্পানির নির্মাণাধীন ২০ তলা ভবনে কাজ করেন। সকালে ভবনে মালামাল ওঠানোর অস্থায়ী লিফট দিয়ে ১৮ তলা থেকে নিচে নামছিলেন তারা ৩ জন। তখন লিফটটি ছিঁড়ে একেবারে নিচে পড়ে যায়। পরে শব্দ শুনে লিফট থেকে তাদেরকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মেহেদীর ডান পায়ে আঘাত ও বাকি দুজনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। তাদের অবস্থা খুব গুরুতর নয়। তিনজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।