ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে জয়ে ফিরল রিয়াল

ম্যাচের শেষ দিকে বদলি খেলোয়াড় রদ্রিগোর গোলে ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ।

নিজেদের মাঠ আলফ্রেদো ডি স্তেফানোয় মঙ্গলবার রাতে প্রতিযোগিতাটির ‘বি’ গ্রুপের পাঁচ গোলের ম্যাচটিতে ৩-২ ব্যবধানে হারায় জিনেদিন জিদানের দল। গত দুই ম্যাচে শাখতার দোনেৎস্কের কাছে হারে তারা, ড্র করে বরুসিয়া মনশেনগ্লাডবাখের সঙ্গে।

করিম বেনজেমা ও সের্হিও রামোসের গোলে এগিয়ে যায় রিয়াল। প্রথমার্ধে লরাতো মার্তিনেজের নৈপুণ্যে একটি গোল শোধ করে ইন্টার। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান ইভান পেরিসিচ।

২-২ সমতায় শেষের দিকে এগিয়ে যেতে থাকে লড়াই। ম্যাচের নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে পার্থক্য গড়ে দেন রদ্রিগো। ভিনিসিউস জুনিয়রের পাসে রিয়ালের হয়ে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার।

এই জয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে তৃতীয়স্থানে উঠে এসেছে রিয়াল। সমান ম্যাচ খেলে দুটি ড্র করা ইন্টারের অবস্থান এখন চার দলের মধ্যে তলানিতে। পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বরুসিয়া মনশেনগ্লাডবাখ।