পুনর্নির্বাচিত হলেন ট্রাম্প ঘনিষ্ঠ সিনেটর ম্যাককোনেল

সিনেট নির্বাচনে ফের জয় পেয়েছেন মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা কেন্টাকির ম্যাককোনেল। তাকে ট্রাম্প ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়।

মঙ্গলবার ফের জয়লাভ করায় ক্ষমতাধর এ রিপাবলিকানের আরও ছয় বছর সিনেটে বহাল থাকা নিশ্চিত হলো। খবর এএফপি’র।

ম্যাককোনেল তার প্রতিদ্বন্দ্বী সাবেক ফাইটার পাইলট অ্যামি ম্যাকগ্রাকে পরাজিত করেন।

৭৮ বছর বয়সী ম্যাককোনেল ১৯৮৫ সাল থেকে সিনেটে দায়িত্ব পালন করেন এবং তিনি ক্যাপিটল হিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন গুরুত্বপূর্ণ মিত্র।

তবে এ সিনেটর প্রেসিডেন্টের করোনাভাইরাস মহামারী মোকাবিলার বিভিন্ন পদক্ষেপের নীরবে সমালোচনা করে আসছেন।

প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গেই সিনেটের ৩৫টি আসনে ভোট হচ্ছে। এর মধ্যে রিপাবলিকান ২৩টি আসন আর ডেমোক্র্যাট ১২টি আসন রয়েছে। একজন সিনেটর ছয় বছরের জন্য নির্বাচিত হন।

বর্তমানে ১০০ আসনের সিনেটে ৫৩-৪৭ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে রিপাবলিকান পার্টি। সিনেটে নিয়ন্ত্রণ নিতে হলে আগের আসন ধরে রেখে নতুন করে চারটিতে জিততে হবে ডেমোক্র্যাটদের।

প্রতিবেদন লেখা পর্যন্ত রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টি দু’দলই ৪৭টি করে আসনে জয় নিশ্চিত করেছেন। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন বাকি ছয়টির চারটি আসন।