দুই প্রার্থীই যদি ২৬৯টি করে ভোট পান!

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের খুব কাছাকাছি চলে এসেছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। এখন পর্যন্ত পাওয়া ৪৭৮টি ইলেক্টোরাল কলেজের মধ্যে ২৬৪টি গেছে তার ঘরে। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ টি ইলেক্টোরাল।

৫৩৮টি ইলেক্টোরাল কলেজের মধ্যে লড়াই চলছে তাদের। জয় পেতে দরকার দুই-তৃতীয়াংশ ইলেক্টোরাল, অর্থাৎ ২৭০টি। সেই ‘ম্যাজিক ফিগার’ থেকে আর মাত্র ছয়টি ইলেক্টোরাল দূরে আছেন বাইডেন।

কিন্তু এখনো গুরুত্বপূর্ণ কিছু অঙ্গরাজ্যের ফলাফল বাকি থাকায় ভীষণ উত্তেজনায় ভুগছেন দুই প্রার্থী ও তাদের সমর্থকেরা। যদি ফলাফল ড্র বা টাই হয়?

প্রত্যেক রাজ্যের জনসংখ্যার ওপর ভিত্তি করে প্রতিটি রাজ্যে নির্দিষ্ট সংখ্যক ইলেক্টর রয়েছেন, যারা মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট দেন। ড্র বা টাই হতে হলে প্রত্যেক দলকে ২৬৯টি করে ভোট পেতে হবে।

এ রকম পরিস্থিতিতে নির্বাচনের বিজয়ী নির্ধারিত হবে মার্কিন কংগ্রেসের সিদ্ধান্তের ভিত্তিতে।

সে ক্ষেত্রে কংগ্রেসের নিম্নকক্ষ বা ‘হাউস অব রিপ্রেজেনটেটিভস’-এর ভোটে তখন নির্ধারিত হবেন প্রেসিডেন্ট। প্রত্যেক রাজ্যের প্রতিনিধি একটি করে ভোট দিতে পারবেন এবং কোনো প্রার্থীর প্রেসিডেন্ট হতে অন্তত ২৬টি ভোট প্রয়োজন হবে।

এখন পর্যন্ত ঝুলে আছে পাঁচটি অঙ্গরাজ্যের ফল। এসব রাজ্যের ৮৭টি ইলেক্টোরাল কলেজের মধ্যে ছয়টি পেলেই ট্রাম্পকে হটিয়ে ক্ষমতায় বসবেন ৭৭ বছর বয়সী বাইডেন।

আর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবেন সিনেটের ভোটের মাধ্যমে, যেখানে ১০০ জন সিনেটের প্রত্যেকে একটি করে ভোট দেবেন।