একই স্থানে আ. লীগের ২ সভা: ১৪৪ ধারা জারি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনস্থলে জেলা আওয়ামী লীগ সভাপতির প্রতিবাদ সভা ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ফলে সম্মেলন অনুষ্ঠিত হতে পারেনি। তবে পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে সাত নম্বর ওয়ার্ডে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামো নিমগাছি খামার স্কুলমাঠে বৃহস্পতিবার বিকেলে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

দলীয় সূত্র জানায়, পূর্বনির্ধারিত কর্মসূচি হিসেবে খামার স্কুলমাঠে সাত নম্বর ওয়ার্ড  আওয়ামী  লীগের  ত্রিবার্ষিক সম্মেলন আয়োজন করা হয়। মঞ্চ নির্মাণ ও সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্নের মাঝে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দিন মণ্ডল তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে অগঠনতান্ত্রিকভাবে সম্মেলনের আয়োজন হচ্ছে এই অভিযোগ তুলে একই স্থানে প্রতিবাদ সভার ডাক দেন।

এ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা প্রশাসন খামার স্কুল ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে। ১৪৪ ধারা জারির কারণে সম্মেলন অনুষ্ঠিত হতে পারেনি।

তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদসহ পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ সম্মেলনস্থলে গিয়ে নুরুল ইসলাম মিনহাজকে সভাপতি ও আবু বাক্কার সিদ্দিককে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন।