মার্কিন নির্বাচনে মৃত ব্যক্তির জয়!

করোনায় মারা যাওয়ার প্রায় এক মাস পর ভোট হলেও নিজের আসনে জয় পেয়েছেন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটার ডেভিড আন্ডাল।

পেশায় ব্যবসায়ী ও খামারি আন্ডাল গত মঙ্গলবার ভোটের আনুষ্ঠানিক ফলাফলে নর্থ ডাকোটার স্টেট হাউজ এর প্রতিনিধি নির্বাচিত হন বলে জানিয়েছে সিএনএন।

রিপাবলিকান প্রার্থী আন্ডল ‍নর্থ ডাকোটার ‘এইটথ ডিস্ট্রিক্টের’ দুইটি আসনের একটির প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন। তিনি মোট ভোটের ৩৫.৫৩ শতাংশ ভোট পেয়েছেন।

আন্ডলের মৃত্যুর পর ‍অক্টোবরেই প্রশ্ন উঠেছিল, যদি নভেম্বরের নির্বাচনে তিনি জিতে যান তবে কী হবে?

তখন নর্থ ডাকোটার অ্যাটর্নি জেনারেল নিজের মতামত দিয়ে বলেছিলেন, পরিস্থিতি সেরকম হলে আইন অনুযায়ী পদত্যাগ বা অবসর দেখানো হবে। তাহলে ডিস্ট্রিক্ট রিপাবলিকান পার্টি শূন্য ওই আসনে একজন প্রতিনিধি নিয়োগ দিতে পারবে।

আন্ডলের নির্বাচনী প্রচারের ফেইসবুক থেকে গত মাসে জানানো হয়, ৫৫ বছর বয়সে তিনি পৃথিবী ছাড়লেন।

৬ অক্টোবরের সেই বিবৃতিতে তার পরিবারের পক্ষ থেকে এভাবে লেখা হয়েছিল, ‘করোনার সঙ্গে সংক্ষিপ্ত যুদ্ধের পর আমাদের প্রিয় পুত্র মারা গেছে। কিছু স্বাস্থ্য সমস্যার জন্য সে সচেতন থাকলেও রেহাই পেল না।’