এক ঝলকে

আজ সন্ধ্যায় প্রাচ্যনাটের ‘পুলসিরাত’

রাজধানীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে প্রাচ্যনাট প্রযোজিত নাটক ‘পুলসিরাত’। ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির উপন্যাস ‘মেন ইন দ্য সান’ অনুবাদ করেছেন মাসুমুল আলম। নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল এবং নির্দেশনা দিয়েছেন কাজি তৌফিকুল ইসলাম ইমন।

মহাকাল নাট্য সম্প্রদায় আয়োজিত ‘বাংলা নাট্য উৎসবে’ স্বাস্থ্যবিধি মেনে এই নাটকটি মঞ্চায়িত হবে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আজাদ আবুল কালাম, শাহরিয়ার সজীব, মনিরুল ইসলাম রুবেল, সাইফুল ইসলাম জার্নাল, চেতনা রহমান ভাষা প্রমুখ। সেট ডিজাইন করেছেন শাহীনুর রহমান, সংগীত পরিকল্পনায় নীল কামরুল, আলোক পরিকল্পনায় বাবর খাদেম।

রামি মালেক সেরা বন্ড ভিলেন?

‘নো টাইম টু ডাই’ সিনেমায় ভিলেন চরিত্রে দেখা যাবে অস্কারজয়ী অভিনেতা রামি মালেককে। এই চরিত্র নিয়ে বন্ড ভক্তদের কাজ করছে বাড়তি উত্তেজনা।

অতীতে ম্যাডস মাইকেলসেন, জেসপার ক্রিস্টেনসেন, ম্যাথু অ্যামারিক, জ্যাভিয়ার বারডেম, ক্রিস্তফ ওয়াল্টজ, ডেভ বাতিস্তা এবং অ্যান্ড্রু স্কটকে দেখা গেছে বন্ড ছবির ভিলেন চরিত্রে। রামি মালেক গতানুগতিক বন্ড ভিলেনদের মতো দেখতে না হলেও ধারণা করা হচ্ছেÑ তিনি হতে চলেছেন বন্ড ছবির ইতিহাসে সেরা ভিলেন।

রামি মালেকের চরিত্রটি সম্পর্কে ড্যানিয়েল ক্রেগ বলেছেন, ‘রামি মালেকের সঙ্গে কাজ করতে গেলে বোঝা যায় তিনি সব বিষয়ে অনেক জানেন। তার ব্রেইন খুব অ্যাকটিভ। কখন কী করা উচিত, তা তিনি জানেন। রামি আমাকে চেনেন। তিনি যেই চরিত্রে অভিনয় করছেন, সেটার ওজন জানেন। আগের ভিলেনদের সম্পর্কেও জানেন। তিনি অসাধারণ কাজ করেন বললেও কম বলা হয়।’ পরিচালক ক্যারি ফুকুনাগার বলেন, ‘আগের চাইতে আরও অনেক বড় পরিসরের চরিত্র এটি।’

মিসরীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা রামি মালেক ২০১৯ সালে বোহেমিয়ান র‌্যাপসোডি ছবিতে ‘কুইন’ ব্যান্ডের গায়ক ফ্রেডি মার্কারির চরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য তিনি অস্কার জিতে নিয়েছিলেন।