পাবনা বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল ফোন নম্বর ব্যবহার করে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যসহ কয়েকজনের কাছে টাকা দাবি করা হয়েছে। ফোন নম্বর ক্লোন করে দুষ্কৃতকারীরা টাকা দাবি করছে বলে সতর্ক করে দিয়েছেন ইউএনও।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে এ ব্যাপারে একটি সতর্কবার্তা দিয়েছেন।
সেখানে বলা হয়েছে, ‘সতর্কীকরণ বার্তা, বেড়া উপজেলা নির্বাহী অফিসার-এর মোবাইল নম্বর ক্লোন করে দুষ্কৃতকারীরা সবার কাছে টাকা দাবি করছে। কেউ এই দুষ্কৃতকারীদের ফাঁদে পড়বেন না।’
ইউএনও আসিফ আনাম সিদ্দিকী বলেন, ‘উপজেলার ঢালারচর ইউপির এক সদস্য আমাকে ফোন করে জানিয়েছেন ইউএনওর সরকারি নম্বর দিয়ে ফোন করে টাকা চাওয়া হয়েছে। এছাড়া হাটুরিয়া-নাকালিয়া ইউপির সচিবকে ফোন করে টাকা দাবি করেছে। তাই সবাইকে সতর্ক করার জন্য ফেইসবুকে আমি সতর্কীকরণ বার্তা দিয়েছি।’ এ বিষয়ে বেড়া থানায় জিডি করা হয়েছে।