মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল রুবেল শর্মাকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হস্তান্তর করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে হাজির করা হয়। পরে বিচারক রুবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাটির তদন্ত সংস্থা র্যাবের পক্ষ থেকে তাকে নতুন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘রিমান্ডে রুবেল শর্মার কাছ থেকে সিনহা হত্যা মামলা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।’ এর আগে গত ২৮ অক্টোবর কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালতে রুবেল শর্মার দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল। তারও আগে গত ৩০ সেপ্টেম্বর রুবেল শর্মার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। গত ১৪ সেপ্টেম্বর কনস্টেবল রুবেলকে সিনহা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।