‘তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল মিটিং শেষে’ যুবদল নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সোনারগাঁও থানা যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান স্বপনকে গ্রেপ্তার করেছে ভুলতা ফাঁড়ি পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান দেশ রূপান্তরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সালামত হোসেন চৌধুরী জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার বিএনপির এক নেতার বাড়িতে সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি অংশ নেন।

তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে মিটিং শেষে ফেরার পথে জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সোনারগাঁও থানা যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান দেশ রূপান্তরকে বলেন, গোলাকান্দাইলে অপরাধ সংগঠনের ষড়যন্ত্র করার সময় সাইদুর রহমান স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হচ্ছে।