নিজের দেশ দক্ষিণ আফ্রিকা ছেড়ে দিয়েছিলেন বেশ কিছুদিন আগে। আস্তানা গেড়েছিলেন অস্ট্রেলিয়ায়। সম্প্রতি এ দেশে বসবাসের জন্য স্থায়ী বাসিন্দা হওয়ার ছাড়পত্রও পেলেন ক্রিকেটার মর্নে মরকেল।
আসন্ন বিগ ব্যাশ লিগে একজন অস্ট্রেলীয় ক্রিকেটার হিসেবে অংশ নেবেন এই তারকা পেসার। খেলবেন ব্রিসবেন হিটের হয়ে।
গত মৌসুমে পার্থ স্করচার্সে আন্তর্জাতিক ক্রিকেটারের কোটায় বদলি ক্রিকেটার হিসাবে যোগ দিয়েছিলেন। তবে এবারে পূর্ণ মৌসুমের জন্য ব্রিসবেন হিটের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি।
২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মর্কেল জানালেন, “এখনো ক্রিকেট আগের মতোই উপভোগ করি। হিট দলে যোগ দেওয়াটা একটা নতুন অভিজ্ঞতার বিষয় হতে চলেছে। স্থানীয় ক্রিকেটার হিসেবে যোগ দেওয়ার বিষয়টাও একটু অন্যরকম হতে চলেছে। তবে অস্ট্রেলিয়ায় বসবাস করা এবং কাজ করা বেশ উপভোগ করি। এটা জীবনেরই একটা অংশ।”
আন্তর্জাতিক ক্রিকেটে ৫৪৪ উইকেটের মালিক মর্কেল। আইপিএলেও ৭০ ম্যাচ খেলে সংগ্রহে রয়েছে ৭৭ উইকেট। দিল্লি ডেয়ারডেভিলসে খেলার সময় অধিনায়ক হিসাবে পেয়েছিলেন জেমস হোপকে। জেমস হোপ বর্তমানে ব্রিসবেনের সহকারী কোচ।
চলতি সপ্তাহের শুরুতেই সারেতে তিন বছরের চুক্তি শেষ হয় তারকা ক্রিকেটারের। তারপরেই বলেন সিডনিতে পরিবার থেকে দূরে বেশি সময় কাটাতে পারবেন না।