এক ঝলকে

সাড়া দিলেও সংকটমুক্ত নন সৌমিত্র

কলকাতার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। মেয়ের ডাকে সাড়া দিয়ে চোখ মেলে তাকিয়েছেন তিনি। তার শরীরে সংক্রমণের মাত্রা কমেছে। জ্বর আসেনি নতুন করে। কমেনি রক্তে হিমোগ্লোবিন ও প্লাটিলেটসের মাত্রাও। তার শারীরিক অবস্থা নিয়ে কিছুটা আশার আলো দেখছেন চিকিৎসকরা। বেলভিউ নার্সিংহোমের পক্ষে মেডিকেল বোর্ডের প্রধান অরিন্দম কর জানিয়েছেন, সৌমিত্রের শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আগের চেয়ে ভালোভাবে সাড়া দিচ্ছে তার ইন্দ্রিয়গুলো। ১০ থেকে ১১-এর মধ্যে রয়েছে সচেতনতা। নিজেই স্বতঃস্ফূর্তভাবে চোখ খুলছেন। তার এক দিন পরপর ডায়ালাইসিস চলছে। বৃহস্পতিবার সংক্রামক রোগ বিশেষজ্ঞ এই অভিনেতার স্বাস্থ্য পরীক্ষা করেন। সব ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যে তার অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল ওষুধ বন্ধ করা হবে। সৌমিত্রের রক্তে ক্রিয়েটিনিন ও ইউরিয়ার মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে এ মুহূর্তে। ওই চিকিৎসক ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আশা করি খুব শিগগির তার কিডনির কার্যক্ষমতা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সে ক্ষেত্রে আর ডায়ালাইসিস করার প্রয়োজন পড়বে না।’

সাইনার যমজ পরিনীতি!

ব্যাডমিন্টন জগতের একসময়ের নম্বর ওয়ান সাইনা নেওয়ালকে নিয়ে সিনেমা হচ্ছে সেটি এখন পুরনো আলাপ। শ্রদ্ধা কাপুর নন, পরিনীতিই হয়েছেন সাইনাসেটাও এখন আলোচনার বাইরে। কিন্তু সাইনা কি পরিনীতিকে নিজের চরিত্রে মেনে নিয়েছেন? এই প্রশ্নের উত্তর পাওয়া গেল। টুইটারে নিজের বায়োপিকে অভিনয় করা পরিনীতি চোপড়ার ছবি শেয়ার করে নিজের আনন্দের প্রকাশ ঘটালেন সাইনা নেওয়াল। ‘আমার যমজ’ লিখে পরিনীতির সঙ্গে ভীষণ আনন্দের একটি ছবি শেয়ার করলেন সাইনা। ২০২০ সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে কবে মুক্তি পাবে তা নিয়ে চলছে হিসাব-নিকাশ! কিন্তু কাজ চলছে পুরোদমে। মাঠে নেমেছেন পরিনীতিও। ওদিকে মাঠে নামা নিয়ে ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আয়োজকদের একহাত নিয়ে বছরের শুরুতে আলোচনায় এসেছিলেন সাইনা। ঝুঁকি নিয়ে খেলোয়াড়দের খেলতে ডাকার ব্যাপারটি ভালোভাবে নেননি এই তারকা খেলোয়াড়। সম্প্রতি তিনি সামাজিক মাধ্যমে আরও সরব হয়েছেন মালদ্বীপে তার অবকাশ যাপনের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে।

ফের শাহরুখের সিনেমায় সালমান

দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে অবশেষে সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমা দিয়ে পর্দায় ফিরতে যাচ্ছেন শাহরুখ খান। এ মাসেই সিনেমাটির শ্যুটিংও শুরু হবে বলে শোনা যাচ্ছে। যেখানে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়–কোন ও জন আব্রাহামকে। তবে চমকের এখানেই শেষ নয়, শাহরুখের আসন্ন এই সিনেমায় অতিথি চরিত্রে দেখা মিলতে পারে সালমান খানের! মুম্বাই মিরর এক প্রতিবেদনে বলছে, কুচ কুচ হোতা হ্যায়, ওম শান্তি ওম এবং জিরোর পর ফের শাহরুখের ‘পাঠান’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে সালমানকে। যদিও এ বিষয়ে এখনো শাহরুখ, সালমান কিংবা সিনেমার পরিচালকের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। তবে খবরটি সত্য হলে দর্শকদের জন্য বেশ আনন্দের হবে বলেই ধারণা করা যায়!