সরকারি খরচে বিদ্যুৎ সংযোগ

বিলের টাকা তোলেন ছাত্রলীগ নেতা

পঞ্চগড়ের বোদায় বিদ্যুৎ সংযোগের নামে জনসাধারণের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগীদের ভাষ্য, সরকার বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করাসহ বিদ্যুৎ সরবরাহের নানা উপকরণ আনার নাম করে অতিরিক্ত অর্থ আদায় করে বড়শশী ইউনিয়ন ছাত্রলীগের বহিষ্কৃত নেতা মনিরুজ্জামান রানা (২৫)। এ কাজে প্রত্যেক পরিবারের কাছে কয়েক ধাপে ৫ থেকে ৮ হাজার টাকা আদায় করে সে। সংযোগ দিতে মাসের পর মাস ঘোরাতে থাকে গ্রামের সহজ-সরল মানুষকে।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি ৭২টি পরিবারের মধ্যে ৫০টি পরিবার বিদ্যুৎ সংযোগ পায়। কিন্তু চাহিদামতো টাকা না দেওয়ায় বাকি ২২টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া বন্ধ রাখে রানা। বাদ পড়া পরিবারগুলো পঞ্চগড় পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে তারা ভ্রাম্যমাণ টিম পাঠিয়ে নির্ধারিত ৪৫০ টাকা ফি নিয়ে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে। ভুক্তভোগী ইব্রাহিম জামান এলিন বলেন, ‘২০১৭ সাল থেকে রানা আমাদের বিদ্যুৎ দেওয়ার নাম করে ধাপে ধাপে ৫ থেকে ৮ হাজার করে টাকা নিয়েছে। এতে প্রায় সাড়ে ৩ থেকে ৪ লাখ টাকা নেয় রানা। বিষয়টি নিয়ে আমি প্রতিবাদ করায় আমার আবেদনের কাগজপত্র গায়েব করে দেয় সে। এ ছাড়া আমিসহ যারা বিদ্যুৎ অফিসে অভিযোগ করেছি তাদের এখন বিভিন্ন মাধ্যমে হুমকি-ধমকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’    

এ বিষয়ে জানতে রানার সঙ্গে যোগোযোগ করা হলে জানায়, ‘টাকা তুলেছি। সরকারিভাবে যে টাকা লাগে, সেটাই তুলেছি। কিন্তু অতিরিক্ত কোনো টাকা নেওয়া হয়নি।’

পল্লী বিদ্যুৎ পঞ্চগড় জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মেহেদী হাসান বলেন, ‘আমরা ওই এলাকার মানুষের একটি লিখিত অভিযোগ পেয়েছি। সেটি এজাহার আকারে বোদা থানায় দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

তিনি আরও বলেন, সরকার বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করছে। আমাদের নির্ধারিত ৪৫০ টাকা জমা দিলেই গ্রাহক বিদ্যুৎ পাবেন। কিন্তু কিছু প্রতারক চক্র এই সুযোগ কাজে লাগিয়ে বিদ্যুৎ সংযোগের নামে টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের তথ্য আমাদের কাছে দিলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারব।