ভাবির করা মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মাহবুব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোররাতে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামের নিজ বাড়ি থেকে মাহবুবকে গ্রেপ্তার করা হয়।
গত ৪ আগস্ট মাহবুবের বড় ভাই জাকির হোসেনের স্ত্রী রেহানা আক্তার তার স্বামী, দেবর, শাশুড়িসহ ছয়জনকে আসামি করে আদালতে নারী নির্যাতনের অভিযোগে মামলা করেন। আসামিরা হলেন মাহবুব হোসেন, জাকির হোসেন, মোস্তফা হোসেন, নূরানী বেগম, শমলা খাতুন ও আইরিন আক্তার।
বিজয়নগর থানার ওসি আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরিপ্রেক্ষিতে মাহবুবকে গ্রেপ্তার করা হয়েছে। বাদী রেহানা আক্তার বলেন, আমার স্বামী জাকির হোসেন তার পছন্দে আমাকে বিয়ে করেন। কিন্তু তার পরিবারের লোকজন আমাকে মেনে নিতে পারেনি। আমার স্বামী একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় বিয়ের পর থেকেই আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য আমার ওপর অন্যায়-নির্যাতন শুরু হয়। সবকিছু জেনেও আমার স্বামী নির্যাতনের প্রতিবাদ করেনি। সম্প্রতি আমার ওপর নির্যাতন আরও বাড়তে থাকে। এ ব্যাপারে জাকির হোসেনসহ অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।