‘ফ্যান্টাস্টিক বিস্টস’ থেকে সরতে বাধ্য হলেন জনি ডেপ

সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ড ও সংবাদমাধ্যমের সঙ্গে ঝামেলার পর এবার হিট ফ্র্যাঞ্চাইজি ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ থেকে সরতে বাধ্য হলেন জনি ডেপ। এ ঘটনায় ভীষণ অসন্তুষ্ট হলিউড সুপারস্টারের ভক্তরা।

জে কে রাউলিং-এর লেখা হ্যারি পটার সিরিজের এই স্পিনঅফে কালো জাদুকর গ্লার্ট গ্রিন্ডেলওয়াল্ডের চরিত্রে আছেন জনি। সরে পড়ার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় শুক্রবার নিশ্চিত করেন তিনি।

ইনস্টাগ্রামে বলেন, সবাইকে জানাতে চাই যে ওয়ার্নার ব্রস আমাকে ‘ফ্যান্টাস্টিক বিস্টস’-এর গ্রিন্ডেলওয়াল্ড চরিত্রটি ছাড়তে বলেছে। তাদের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে আমি সম্মত হয়েছি।

বৃহস্পতিবার ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানের সঙ্গে মামলায় হারেন ‘দ্য পাইরেটস অব ক্যারিবিয়ান’ অভিনেতা। তার পরদিনই এলো হিট ফ্র্যাঞ্চাইজি ছাড়ার ঘোষণা।

২০১৮ সালের এক প্রতিবেদনে দ্য সান জানায়, সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডকে মারধর করেছেন জনি। তাদের খবরের শিরোনাম ছিল ‘ওয়াইফ বিটার’। এমন খবরের বিরুদ্ধে মামলা করেও হারলেন নায়ক। তবে জানালেন আপিল করতে যাচ্ছেন।

এ দিকে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রসও জানিয়েছে, জনি সিরিজে থাকছেন না। বর্তমানে প্রস্তুতির পর্যায়ে থাকা তৃতীয় কিস্তিতে গ্রিন্ডেলওয়াল্ড চরিত্রে নতুন কাউকে দেখা যাবে। সিনেমাটি আগামী বছরের নভেম্বরে মুক্তির কথা থাকলেও নতুন ঘোষণা মতে ২০২২ সালের গরমে পর্দায় আসবে।

হ্যারি পটারের মূল কাহিনির এক দশক আগের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ‘ফ্যান্টাস্টিক বিস্টস’। এ প্রিক্যুয়েল সিরিজ শেষ হবে পঞ্চম কিস্তিতে। ২০১৬ সালে ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়ার টু ফাইন্ড দেম’ ছবিতে সংক্ষিপ্ত ভূমিকায় দেখা যায় জনি ডেপকে। ২০১৮ সালের ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়াল্ড’-এ হয়ে ওঠেন অন্যতম চরিত্র।

অ্যাম্বার হার্ডের সঙ্গে পারিবারিক সহিংসতার জেরে বিতর্কের মুখে পড়েন জনি। তাই ভক্তদের বিরূপ প্রতিক্রিয়া সত্ত্বেও  লেখিকা জে কে রাউলিং ও ওয়ার্নার ব্রস এমন সিদ্ধান্ত নিল।

‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়ার টু ফাইন্ড দেম’ আয় করেছিল ৮০ কোটি ডলারের বেশি। কিন্তু পরের কিস্তিকে ৬৫.৪ কোটি ডলার নিয়ে সন্তুষ্ট থাকতে হয়, যা ছিল রাউলিং-এর জাদু কেন্দ্রিক সিনেমার সবচেয়ে কম টিকিট বিক্রি।

এ দিকে শুক্রবারের বিবৃতিতে পাশে থাকার জন্য ভক্তদের ধন্যবাদ জানান জনি ডোপ। সঙ্গে জানান, যুক্তরাজ্যের আদালতের রায় তার সত্যের জন্য লড়ে যাওয়া থামাতে পারবে না। সব অভিযোগ মিথ্যা প্রমাণ করবেন।