ঊরুতে চোট পাওয়ায় ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের। তবে ম্যাচটির চার দিন পর উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার জোরালো সম্ভাবনা আছে তারকা এই ফরোয়ার্ডের।
নেইমারের চোটের সবশেষ অবস্থা তুলে ধরে শুক্রবার এ খবর জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
দলের চিকিৎসক রদ্রিগো লাসমার এক বিবৃতিতে বলেছেন, “একটা সপ্তাহ তাৎপর্যপূর্ণ চিকিৎসার পর আমাদের বিশ্বাস...দ্বিতীয় ম্যাচে তার সুস্থ হয়ে ওঠার একটা সম্ভাবনা আছে। আমরা গভীরভাবে তার অবস্থা পর্যবেক্ষণ করছি।”
গত ২৮ অক্টোবর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইস্তাম্বুল বাসাকসেহিরের বিপক্ষে খেলার সময় ঊরুতে চোট পান নেইমার। এরপর পিএসজি’র পক্ষ থেকে বলা হয়েছিল, আন্তর্জাতিক ফুটবলের সময়টাতেও মাঠের বাইরে থাকতে হতে পারে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে।
পিএসজি’র কোচ টমাস টুখেলও জানিয়েছিলেন, চোটের কারণে নেইমারকে জাতীয় দলের হয়ে খেলাটা এখন উচিত হবে না। কিন্তু ক্লাবটির কথায় কান না দিয়ে নেইমারকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামানোর জন্য ভাবছে সিবিএফ। চোট শঙ্কা থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে নিয়ে ভাবনায় আপত্তি জানাচ্ছে পিএসজি।
আগামী ১৩ নভেম্বর বাছাইয়ে ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। এর চার দিন পর খেলবে উরুগুয়ের সঙ্গে।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ছয় পয়েন্ট ও গোল ব্যবধান বেশি নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। সমান ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে আর্জেন্টিনা।