উয়েফা নেশন’স লিগের দিন কয়েক আগে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ইতালি ফুটবল দলের কোচ রবের্তো মানচিনি। খেলোয়াড় ও স্টাফদের সবার করোনা টেস্ট করানো হলে শুক্রবার তার রিপোর্ট পজিটিভ আসে।
আগামী বুধবার এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ রয়েছে ইতালির। চার দিন পর ন্যাশনস লিগে পোল্যান্ডকে আতিথ্য দেবে তারা।
ম্যাচ দুটির জন্য রোববার থেকে অনুশীলন শুরু করবে ইতালি। এর আগে নিয়মানুযায়ী দলটির সবার করোনার টেস্ট করা হয়।
ইতালিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, কভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসলেও কোনো লক্ষণ নেই ৫৫ বছর বয়সী মানচিনির। রোমে নিজ বাড়িতে বর্তমানে সেলফ-আইসোলেশনে আছেন তিনি। উয়েফা ও ইতালির স্বাস্থ্য প্রটোকল মেনে দ্রুতই দলে ফিরবেন তিনি।
নেশন’স লিগে ‘এ’ লিগের গ্রুপ ওয়ানে চার ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে ইতালি। শীর্ষে থাকা পোল্যান্ডের পয়েন্ট ৭।