রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ইডেন হ্যাজার্ড ও মিডফিল্ডার কাসেমিরো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রবিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ রিয়ালের। তার আগে এক বিবৃতিতে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন ক্লাবটি জানায়, ‘শুক্রবার সকালে করানো পরীক্ষায় আমাদের কাসেমিরো ও হ্যাজার্ডের ফল পজিটিভ এসেছে।’
তবে ক্লাবটি জানিয়েছে, দলের অন্যান্য খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফের সদস্যরা ভালো আছেন। তাদের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
এক সপ্তাহ আগে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার এডের মিলিতাও করোনায় আক্রান্ত হন। যে কারণে গত মঙ্গলবার ইন্তার মিলানের বিপক্ষে ৩-২ গোলে জয় পাওয়া ম্যাচে তিনি ছিলেন না।
৭ ম্যাচে ৫ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। এক পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল সোসিয়েদাদ। তবে তাদের থেকে এক ম্যাচ কম খেলেছে রিয়াল।