ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন চিগুম্বুরা

১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক এলটন চিগুম্বুরা। পাকিস্তানের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজই হতে যাচ্ছে ৩৪ বছর বয়সী অলরাউন্ডারের শেষ সিরিজ।

জিম্বাবুয়ে ক্রিকেট বিবৃতিতে জানিয়েছে, ইনজুরির কারণে ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন অলরাউন্ডার চিগুম্বুরা।

চোটের জন্য বোলিং করতে পারছিলেন না। খেলে যাচ্ছিলেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে। কিন্তু একের পর এক চোটে সেটাও আর সম্ভব হচ্ছে না। প্রায়ই থাকতে হচ্ছে মাঠের বাইরে। শেষ পর্যন্ত বিদায়ের সিদ্ধান্ত নিয়ে নিলেন চিগুম্বুরা।

২০০৪ সালে জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল চিগুম্বুরার। দেশের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ১৪ টেস্ট, ২১৩ ওয়ানডে ও ৫৫ টি-টোয়েন্টি। পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি খেললে ৫৭ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেষ হবে তার ক্যারিয়ার।

সব মিলে জিম্বাবুয়েকে ৮০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন চিগুম্বুরা। ওয়ানডেতে ৪ হাজার রান ও ১০০ উইকেটের কীর্তি রয়েছে তার। গ্র্যান্ট ফ্লাওয়ার ছাড়া জিম্বাবুয়ের হয়ে এই কীর্তি শুধু চিগুম্বুরারই।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও বিভিন্ন সময়ে খেলেছেন এই অলরাউন্ডার। বিপিএল তো বটেই, খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও। আসরগুলোতে ভালো কিছু পারফরম্যান্সও রয়েছে তার। নর্থাম্পটনশায়ারের হয়ে খেলেছেন কাউন্টিতেও।