বগুড়ায় নব্য জেএমবির মিডিয়া প্রধানসহ চার জঙ্গি গ্রেপ্তার

নব্য জেএমবির মিডিয়া শাখার প্রধানসহ চার জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাদের মধ্যে দুজন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন। গত শুক্রবার রাত পৌনে ১২টায় বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চ-ীহারা বাজারের পাশে খোলা মাঠে বৈঠক থেকে এই চার জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বেশ কিছু অস্ত্র, গুলি, জিহাদি বই ও বোমা তৈরির সরঞ্জাম।

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় বগুড়ার পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন। গ্রেপ্তারকৃতরা হলেন নব্য জেএমবির মিডিয়া শাখার প্রধান দায়িত্বশীল জাকারিয়া জামিল (৩১), আইটি শাখার সদস্য তানভীর আহম্মেদ ওরফে আবু ইব্রাহিম (২৫), সক্রিয় সদস্য আতিকুর রহমান (২৮) ও আবু সাঈদ (৩২)।

ডিআইজি বাতেন বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে তানভীর ও জামিল ঢাকার আশুলিয়ায় জঙ্গি হামলার পলাতক আসামি। পুলিশ তাদের খুঁজছিল। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই দুজনের অবস্থান বগুড়ায় নিশ্চিত হয় গোয়েন্দা পুলিশ। এরপর চন্ডীহারা বাজার এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা খোলা মাঠে বসে পরবর্তী কার্যক্রম নির্ধারণের বৈঠক করছিলেন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, দুই রাউন্ড পিস্তলের গুলি, একটি দেশি ওয়ান শুটার গান, দুটি কার্তুজ, তিনটি অত্যাধুনিক বার্মিজ চাকু, দুটি চাপাতি, এক কেজি বিস্ফোরক দ্রব্য, দুটি লাল টেপ, চারটি ব্যাটারি, কিছু তার ও কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, নব্য জেএমবির মিডিয়া শাখার প্রধান জাকারিয়া জামিল জঙ্গিসংক্রান্ত অনলাইনে প্রকাশিত বিভিন্ন প্রকাশনা আরবি থেকে বাংলায় অনুবাদ করে প্রচার করতেন। আর তানভীর আহম্মেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের ছাত্র। এ বছরের শুরুতে ঢাকার আশুলিয়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিহাদি বই, ড্রোন তৈরির সরঞ্জামসহ তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল। ড্রোন তৈরির মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিলেন তানভীর। এ ছাড়া আতিকুর রহমান নর্থসাউথ বিশ^বিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্র। তিনি নতুন সদস্য এবং অর্থ সংগ্রহের দায়িত্বে ছিলেন। সর্বশেষ তিনি যুদ্ধ করার জন্য মধ্যপ্রাচ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের কাছ থেকে উদ্ধারকৃত বিস্ফোরক দিয়ে ৫০টি উচ্চক্ষমতাসম্পন্ন বোমা বানানো সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।