শিল্পী জনি হত্যায় জড়িত সন্দেহে চালক গ্রেপ্তার

কক্সবাজারের ঈদগড়ের আলোচিত শিশুশিল্পী জনি দে রাজ হত্যায় জড়িত সন্দেহে সিএনজিচালক আমান উল্লাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার সকাল ৮টার দিকে ঈদগড় থেকে তাকে গ্রেফতার করা হয়। আমান উল্লাহর বাড়ি কক্সবাজার সদরের বামবাগান পশ্চিম গজালিয়া গ্রামে। 

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোহাম্মদ আলী জানান, ‘শিশুশিল্পী জনি হত্যা মামলায় সন্দেহভাজন আসামি ছিল সিএনজিচালক আমান উল্লাহ। হত্যাকান্ডের পর থেকে সে পলাতক ছিল। আটকের পর শনিবার দুপুরে তাকে জনি দে রাজ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

গত ১ অক্টোবর কক্সবাজারের কিশোর সংগীতশিল্পী জনি দে রাজ চট্টগ্রামের পটিয়ায় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। নিহত জনি দে রাজ রামু উপজেলার ঈদগড়ের চরপাড়া এলাকার তপন দের ছেলে। এ সময় দুর্বৃত্তদের হামলায় সিএনজি অটোরিকশায় থাকা আরও এক যাত্রী নিহত হয়। এরপর থেকে ওই সিএনজিচালক পলাতক ছিল।