নোয়াখালী সদরে সংঘর্ষে আহত আ.লীগ নেতার মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত আওয়ামী লীগ নেতা আব্দুল হক প্রকাশ হক সাব (৪৮) ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন।

গতকাল শনিবার সকাল ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। আব্দুল হক এওজবালিয়া ৮নং ওয়ার্ডেও করমুল্লা গ্রামের মৃত মমিন উল্যার ছেলে। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন বলে জানিয়েছেন ইউপি সদস্য আব্দুল মান্নান।

সুধারাম মডেল থানার ওসি মো. নবীর হোসেন আহত আব্দুল হক প্রকাশ হক সাবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, এওজবালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান এবং পার্শ¦বর্তী কালাদরাপ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাবুল প্রকাশ বাবুল ডাক্তারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে করমুল্লা বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে।