ফুটবলারদের ১০০% দিতে বললেন সালাউদ্দিন

দীর্ঘদিন খেলা নেই, এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই বন্ধ, ঘরোয়া ফুটবলও মাঠে নেই। এমন অবস্থায় বাফুফের নবনির্বাচিত কমিটি ফুটবলকে মাঠে ফেরানোর উদ্যোগ নিয়েছে। সে লক্ষ্যে আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি সামনে রেখে অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল। অনুশীলন দেখতে গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আহমেদ। অনুশীলন দেখে সংবাদমাধ্যমকে সাবেক এই তারকা স্ট্রাইকার বলেছেন, ‘ওদের (খেলোয়াড়দের) সাধারণ কথা বলেছি। তোমরা তোমাদের শতভাগ দাও। যেটা তোমরা পারবে। সেরাটা দেওয়ার আহ্বান জানিয়েছি।’ অনুশীলন দেখে খুশি সালাউদ্দিন। তবে দলে যে ফিটনেসের ঘাটতি আছে তা মেনে নিচ্ছেন বাফুফে প্রধান, ‘অনুশীলন ভালো হচ্ছে। আরও সময় পেলে ভালো হতো। সময়ের অভাব। প্ল্যানিং আছে। তবে ফিটনেসে এখনো গ্যাপ আছে। ফিটনেসের গ্যাপ থাকারই কথা। কারণ সাত মাস যদি ফুটবল না খেলেন সেটা কভার করতে আরও সময় লাগবে।’

কাজী সালাউদ্দিন অবশ্য এর আগে বলেছেন, ‘আমরা মাঠে আসছি ফুটবল শুরু করার জন্য। করোনাভাইরাসের কারণে ফুটবলটা বন্ধ ছিল। আমরা ট্রেনিংটা দেখতে এসেছি। কীভাবে হচ্ছে, এটাই দেখতে এসেছি।’ নেপাল দলের ২৫ ফুটবলার ও ১১ অফিসিয়ালের কভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।