নিখোঁজের ৩ দিন পর পার্বতীপুরে স্কুলছাত্রের লাশ উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুরে নিখোঁজের ৩ দিন পর শাহরিয়ার নাফিস (১০) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে হাবড়া ইউনিয়নের উত্তর মরনাই গ্রামের আবু বক্কর মিয়ার পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নাফিস উপজেলার হাবড়া ইউনিয়নের ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র ও একই ইউনিয়নের উত্তরমরনাই গ্রামের আমিনুল ইসলামের একমাত্র ছেলে।

নিখোঁজের ৩ দিন পর আজ মরদেহ উদ্ধারের পর পুলিশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় নাফিস বাড়ী থেকে নিখোঁজ হয়। পরে গ্রামে মাইকিং ও আত্মীয়স্বজনের বাড়ীসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার সন্ধান মেলেনি। 

এ ব্যাপারে পার্বতীপুরের ভবানীপর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (আইসি) এম,আর সাঈদ বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।