বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটের আগে সোম ও মঙ্গলবার হবে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা।
জাতীয় দল ও এইচপির বাইরে থাকা মোট ১১৩ ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা হবে। যে তালিকায় রয়েছেন সদ্য আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসান। ইনজুরির কারণে মাশরাফী বিন মোর্ত্তজা ফিটনেস পরীক্ষায় অংশ নেবেন না। আসরে তার খেলাও এখনো নিশ্চিত হয়।
জাতীয় দল ও এইচপির ক্রিকেটাররা কদিন আগেই বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলেছেন। তাই ফিটনেসের দিক থেকে তারা ভালো অবস্থানেই রয়েছেন। তবে করোনার কারণে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকাদের বিফ টেস্টে উত্তীর্ণ হয়েই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিতে হবে।
এ মাসের তৃতীয় সপ্তাহে শুরু হবে পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। তবে সূচি এখনো চূড়ান্ত হয়নি। ৫ দলের নাম চূড়ান্ত হয়েছে এরই মধ্যে।
স্পনসরের সঙ্গে মিলিয়ে দলগুলোর নাম- ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।
টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট হবে বৃহস্পতিবার। চারটি ক্যাটাগরিতে ১৬০জন খেলোয়াড়দের বাছাই করবে দলগুলো। ক্যাটাগরিগুলো হলো- এ, বি, সি ও ডি।