শনিবার ইপিএলের ম্যাচে ওয়েস্ট হামের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে ফুলহাম। রেফারি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন শেষ বাঁশি বাজানোর জন্য। এমন সময় ভিএআরের একটি সিদ্ধান্তে পেনাল্টি পায় ফুলহাম। অ্যাডেমোলা লুকম্যান গোল করতে চেয়েছিলেন ‘পানেনকা’ স্টাইলে। কিন্তু হলো না। দেখতে সুন্দর হলেও সবাই পানেনকা নিতে পারেন না। লুকম্যান তো আর আন্দ্রেয়া পিরলো বা সার্জিও রামোস নন। তার নেওয়া শট সোজা চলে যায় ওয়েস্ট হামের গোলকিপার ফাবনস্কির কোলে। গোল উদযাপনের বদলে হতাশায় মাথায় হাত দেন লুকম্যান। এরপর মুখ ঢেকে ফেলেন। লুকম্যানের এই কাণ্ডে হতাশ ফুলহামের কোচ স্কট পার্কারও, ‘আমি হতাশ ও ক্ষুব্ধ। আপনি এভাবে পেনাল্টি নিতে পারেন না।’ নিজের ভুল মেনে নিয়ে মাফ চেয়েছেন লুকম্যান। সতীর্থরা বিষয়টি নিয়ে তার পাশে থাকলেও ধুয়ে দিয়েছেন প্রিমিয়ার লিগের কিংবদন্তি ইয়ান রাইট। ‘এমন অপেশাদার কাজ আমি অনেক দিন পর দেখলাম। আমি জানি না সে কী ভাবছে। এটা খুব বাজে এবং অপেশাদার কাজ। এই পেনাল্টি থেকে গোল করা উচিত ছিল। গোলকিপার কষ্ট করে সেভ করলে না হয় অন্য কথা।’
পেনাল্টি মিস করা লুকম্যান সব দায়ভার নিজের ওপর নিয়ে টুইট করেন এভাবে, ‘গতকাল যে ভুল হয়েছে তার সম্পূর্ণ দায়ভার আমি নিজের ওপর নিচ্ছি। আমার ম্যানেজার, সতীর্থ ও সমর্থকদের প্রতিজ্ঞা করে বলছি। পরের পেনাল্টিতে আমি অবশ্যই গোল করব। আমি আর ভুল করব না, আমার ওপর বিশ্বাস রাখুন।’