নেত্রকোনায় ৭ বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি আটক

নেত্রকোনা পৌর শহরে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা ও মারধরের অভিযোগে মো. লিটন মিয়া (৪২) কে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে আটক লিটন মিয়াকে আদালতে পাঠালে কারাগারে প্রেরণ করেন আদালত। এ তথ্য দেশ রূপান্তরকে নিশ্চিত করেন নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম।

অভিযুক্ত লিটন মিয়া নেত্রকোনা পৌর শহরে দক্ষিণ সাতপাই সওদাগরপাড়ার নুরুল ইসলামের ছেলে।

গত রবিবার দুপুর ২টার দিকে ভিকটিম নিজ বাড়ি থেকে নদীর পাড়ে যাচ্ছিল। লিটন মিয়ার ঘরের কাছে পৌঁছালে ভিকটিমকে তার বসতঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে। খবর পেয়ে ভিকটিমের মা এসে প্রতিবাদ করলে মা সহ ভিকটিমকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে জখম করে অভিযুক্ত। এ সময় স্থানীয়রা লিটনকে আটক করে পুলিশকে খবর দেয়।

নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ভিকটিমের বাবা ওই রাতে বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তকে সোমবার বিকেলে আদালতে পাঠানো হলে আদালত জামিন না মঞ্জুর করে লিটন মিয়াকে কারাগারে প্রেরণ করেন।

মামলাটি তদন্তাধীন রয়েছে বলেও তিনি জানান।