বিড়ি কারখানায় কাস্টমসের অভিযানে তামাক জব্দ

নেত্রকোনা পৌর শহরের বড়গাড়া এলাকায় এক বিড়ি কারখানায় অভিযান পরিচালনা করে তামাক ও বিড়ি জব্দ করেছে কাস্টমস।

সোমবার বিকেলে নেত্রকোনা সার্কেল-১ এর কাস্টমস কর্মকর্তা (রাজস্ব) ইজাজুল হক এজাজ এ অভিযান পরিচালনা করেন।

এ সময় তিন বস্তা তামাক ও ৫৪০ প্যাকেট দয়াল বিড়িসহ অনেকগুলো বেন্ডল (বিড়ির গোড়ালিতে মোড়ানোর স্টিকার) জব্দ করা হয়।

গোপন সংবাদের খবরে ওই এলাকায় সাদ্দামের ভাড়া দেওয়া একটি ঘরে আলমগীর হোসেন নামের এক ব্যক্তির পরিচালনায় একটি বিড়ির কারখানার সন্ধান পায় কাস্টমস। 

নেত্রকোনা সার্কেল-১ এর কাস্টমস কর্মকর্তা (রাজস্ব) ইজাজুল হক এজাজ দেশ রূপান্তরকে বলেন, গত ১৫ দিন ধরে এখানে একটি বিড়ির কারখানা তৈরি হয়েছে। এতে বিড়ির গোড়ালিতে যে স্টিকার লাগানো হয় সেগুলো নকল। অভিযানে এসে দয়াল বিড়ি নামে যে কারখানাটি পেয়েছি সেখানে প্রাথমিক সত্যতা মিলেছে। এগুলো জব্দ করা হয়েছে।  যাচাই বাছাই করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কাস্টমস কর্মকর্তা।